কক্সবাজারের টেকনাফে বন বিভাগের নার্সারিতে কর্মরত ১৯ শ্রমিককে অপহরণের একদিন পর আবারও সিএনজিচালিত অটোরিকশা চালকসহ আট জনকে অপহরণের খবর পাওয়া গেছে। এ নিয়ে গত দুদিনে ২৭ জনকে অপহরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুইটি অটোরিকশা থামিয়ে আট জনকে অপহরণ করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা জানান, চালকসহ অপহরণের ঘটনা শুনে অভিযান চালানো হচ্ছে। কতজন অপহৃত হয়েছেন তার সঠিক তথ্য এখনো জানা যায়নি। অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে বনকর্মীসহ ১৮ জন অপহরণের শিকার হন। ইতোমধ্যে তাদের ছেড়ে দিতে ১৮ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
এদিকে, বাহারছড়ার ৮নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিনকে অপহরণ করা হয়েছে।
মোট ১৯ অপহৃতকে উদ্ধারে বনবিভাগের সহায়তায় পুলিশ, র্যাব, এপিবিএন পাহাড়ে অভিযান অব্যাহত রাখার মধ্যেই আরো আটজনকে অপহরণের ঘটনা ঘটল।
অপরদিকে, টেকনাফ থানার তথ্যমতে, ২০২৪ সালের ১৮ অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় আসামির সংখ্যা ৬৫। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনকে।