কিশোরগঞ্জে ফিলিং স্টেশনে চাঁদাবাজি ও হত্যার হুমকি, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ফিলিং স্টেশন বন্ধের হুমকি দিয়ে চাঁদা দাবি ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শ্রাবণ হোসেনপুর উপজেলার রামপুর মোড়লবাড়ী এলাকার হেলাল উদ্দিনের ছেলে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার দাপুনিয়া এলাকায় অবস্থিত ‘মেসার্স ইশা ফিলিং স্টেশন’-এ দীর্ঘদিন ধরে শ্রাবণ ও তার সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। এর আগে বিভিন্ন সময়ে তারা প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। গত ৫ ফেব্রুয়ারি সকালে শ্রাবণ পুনরায় ফিলিং স্টেশনে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করার হুমকি দেয় এবং আরও দুই লাখ টাকা দাবি করে।

ভুক্তভোগী মালিকের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা জোরপূর্বক তেলের পাম্প বন্ধ করে দেয়। একই দিন রাতে মোবাইল ফোনে গালিগালাজ করে এবং আইনের আশ্রয় নিলে পিস্তল দিয়ে মালিক ও কর্মচারীদের হত্যার হুমকি দেয় শ্রাবণ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।