গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আগুন, আহত ১

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে এবং রাস্তার সঙ্গে ঘর্ষণের ফলে স্ফুলিঙ্গ থেকে বাসে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরণ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম কাজ শুরু করে। মোটরসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।