নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) ভোর পৌনে ৭টার দিকে সদর উপজেলার ভূঁইগড় গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন একটি আটতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) এবং সাত বছর বয়সী শিশু কথা। তাদের উদ্ধার করে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে ভোর ৬টা ৫৫ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দগ্ধদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার ঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে রাতে বদ্ধ ঘরে গ্যাস জমে গিয়েছিল। সকালে কক্ষের ভেতরে সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে জমে থাকা গ্যাসে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সূত্র: আলজাজিরা