নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী ছালেহা বেগমকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ। দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার মৃত আবুল খালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের কলাগাছিয়া উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।
আদালত সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী ছালেহা বেগম হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে দেশে ফিরেছিলেন। ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছালেহা নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। ওই সময় আসামি মোবারক হোসেনসহ অজ্ঞাতপরিচয় আরো ২-৩ জন ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, সহযোগীরা ছালেহার পা ধরে রাখলে মোবারক হোসেন হাতে থাকা ধারালো বড় ছোরা দিয়ে গলায় কোপ মেরে তাকে নৃশংসভাবে হত্যা করেন। সে সময় সন্তানদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর ছালেহার রক্তাক্ত মরদেহ দেখতে পান।
এ ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ মোবারক হোসেনকে আটক করে। পরে নিহতের মেয়ে সুমাইয়া (১১) ও ছোট বোন পারভীনসহ স্বজনদের অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের ৯ অক্টোবর আড়াইহাজার থানায় মামলা রুজু হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল আসামি মোবারক হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে ৮ জোনের উদ্যোগ
হাম উপসর্গে এক দিনে আরও ৯ শিশুর মৃত্যু