ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার প্রধান আকর্ষণে পরিণত হয়েছে বিরল চেহারার এক গোলাপি মহিষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’র এই মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ।

বিরল ‘এলবিনো’ জাতের এই মহিষটির গায়ের রং সাধারণ কালো মহিষের মতো নয়, বরং পুরো শরীরজুড়ে রয়েছে লালচে-গোলাপি আভা। খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির মাথার সামনে লম্বা লালচে-সোনালি চুল রয়েছে, যা দেখতে অনেকটা ট্রাম্পের চুলের স্টাইলের মতো। এই অদ্ভুত মিল থেকেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

সাড়ে তিন থেকে চার বছর বয়সী এই মহিষটি গত বছর রাজশাহী থেকে সংগ্রহ করা হয়েছিল। খামার কর্তৃপক্ষ জানায়, মহিষটি ইতোমধ্যে ঢাকার একজন ক্রেতার কাছে বিক্রি হয়ে গেছে। লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটির দাম পড়েছে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা। ঈদের আগেই এটি ঢাকার ক্রেতার কাছে হস্তান্তর করা হবে।

খামারে তুফান, মাস্তান বা ডাকাতের মতো আরও অনেক পশু থাকলেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এই গোলাপি মহিষ। শান্ত স্বভাবের এই ‘ট্রাম্প’-এর সাথে সেলফি তুলতে বা ভিডিও করতে দূর-দূরান্ত থেকে মানুষ আসছে। বিশেষ করে ছোট বাচ্চাদের কাছে এই রাজকীয় চেহারার মহিষটি এক বড় বিনোদনের উৎস হয়ে দাঁড়িয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানান, এটি কোনো বিদেশি জাত নয়, বরং বিরল এলবিনো প্রকৃতির দেশি মহিষ। শরীরে রঞ্জক পদার্থের অভাবের কারণেই এর গায়ের রং এমন গোলাপি হয়েছে।