নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে মধ্যাহ্নভোজের সময় এই দুর্ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে বুফে খাবার খাচ্ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে জমে থাকা গ্যাস থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা ব্যক্তিরা দগ্ধ হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

আহত ১২ জনই বিদ্যুৎকেন্দ্রটিতে কর্মরত। তাদের মধ্যে চারজন ক্যান্টিন বয় এবং বাকিরা কর্মকর্তা। দগ্ধরা হলেন-নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)। দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা নিরূপণে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। ক্যান্টিনের ভেতরে গ্যাস জমে থাকায় কেউ হয়তো আগুন ধরাতে গেলে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।