বাবা-মায়ের সঙ্গে মতবিরোধের জেরে ঈদের দিন যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মেহেদী হাসান (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান স্থানীয় হাফিজুর রহমান–এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেহেদী বেশিরভাগ সময় মামার বাড়িতে থাকতেন। ঈদুল আজহা উপলক্ষে দুই দিন আগে তিনি নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে ঈদের জামাত শেষে বাড়িতে ফেরেন তিনি। এসময় পরিবারের সদস্যরা কোরবানির কাজে ব্যস্ত ছিলেন এবং ঘরের বাইরে অবস্থান করছিলেন।

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময় ঘরের বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন মেহেদী। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ–এর সরল কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ময়না ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদ বলেন, 'বাবা-মায়ের সঙ্গে ঝগড়ার পর সে আত্মহত্যা করেছে বলে শুনেছি।'

এ বিষয়ে বোয়ালমারী থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।