গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত সিগারেট জব্দ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

আদালত সূত্রে জানা যায়, স্থানীয় নাজিমুদ্দিনের ছেলে ইয়াসিন আরাফাত অবৈধভাবে সিগারেট মজুত করেছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে সত্যতা পাওয়ায় তাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ও ৬ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় রাখা হয়েছে। 

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ধ্রুব অধিকারী এবং বেঞ্চ সহকারী ছিলেন মো. বদরুজ্জামান। এ সময় র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ, সিনিয়র এএসপি দেবজিত পাল, পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডারসহ র‍্যাব সদস্য এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত পণ্যের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাজার অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।