টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর হয়েছে। শুক্রবার (১৯জুন) দুপুরে  জেলার দেলদুয়ার উপজেলায় আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশেই পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
সূত্রে আরও জানা যায়, মৃত ব্যক্তি দুজনই চাচা ভাতিজা। তাদের বাড়ি নাল্লাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় এর পাশেই। তারা সাইকেল নিয়ে সকালে নিজ নিজ বাড়ি থেকে পাশেই স্কুল এবং খেলার মাঠ রয়েছে সেখানে তারা খেলতে যায়। খেলা শেষে দুজনে গোসলে নামে। গোসলের সময় ফয়সাল পানিতে ডুবে যায়। এরপর ফয়সালকে উদ্ধার করতে আব্দুর রহমান যায়। সেখানে উদ্ধার কাজে ব্যর্থ হয়ে দুজনেই পানিতে ডুবে মারা যায়। এরপর পথচারীরা একজনকে ভাসমান অবস্থায় দেখে। তাৎক্ষণিক তারা স্থানীয় লোকজনকে অবগত করেন। ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন। 
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, এঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ থানা নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।