টঙ্গীতে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম উদ্বোধন 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

শিল্প নগরী টঙ্গীতে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় ভর্তুকি মূল্য ৩০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারবেন পোষাক শ্রমিকরা। এই কর্মসুচীর উদ্বোধন করেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। 

শুক্রবার (১৩ নভেম্বর) টঙ্গীর পাগাড় এলাকার জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানার সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রাথমিক ভাবে প্রতি শুক্রবার টঙ্গীর আটটি স্থানে খোলা ট্রাকে এ চাল বিক্রি করা হবে। পর্যায়ক্রমে গাজীপুরের আরও ২২টি পোশাক কারখানায় এ কার্যক্রম চালু করা হবে। কর্মসূচির আওতায় একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ভর্তুকি মূল্যে চাল কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এম মঞ্জুরুল করিম রনি বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকার ও তাদের নেতাকর্মীরা গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। প্রকৃত শ্রমিকরা কখনোই শিল্পকারখানার ক্ষতি করবেন না।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে গাজীপুর মহানগরীর ৩০টি স্থানে পোশাক শ্রমিকেরা ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত শিল্প হাসপাতাল টঙ্গীতে স্থাপিত হবে। 

অনুষ্ঠানে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের ও এ এস এম রফিকুল ইসলাম (নোমান) উপস্থিত ছিলেন।

এছাড়াও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদা আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সাথী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত