মুকসুদপুরে ‘জাতীয় ফল মেলা' অনুষ্ঠিত: চাষ ও সংরক্ষণের তাগিদ

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বার মাস"—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই মেলার আয়োজন করে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সুস্থ ও নিরোগ জীবনের জন্য ফল চাষের গুরুত্ব এবং বেশি বেশি ফল গাছ লাগানোর ওপর বিশেষ জোর দেন।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়েশা সিদ্দিকীর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বর্তমান সময়ে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও তা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রাকিবুল হাসান শুভ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আজিজুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো: বাচ্চু শেখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মোল্লা, দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আরেফিন ও দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ স্থানীয় সুধীজন ও কৃষি কর্মকর্তাবৃন্দ। মেলায় আগত বক্তাগণ সুস্থ থাকার জন্য মানবদেহে ফলের পুষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রত্যেক নাগরিককে নিজ উদ্যোগে ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানান।