কিশোরগঞ্জে ইকোনমিক জোন চালুর দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়ায় প্রস্তাবিত কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
 
শনিবার (৪ জুলাই) সকালে কালিয়াচাপড়া গেটসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে আগামী শনিবার একই দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ ইকোনমিক জোন প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার শিল্পায়নের পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি চালু না হওয়ায় স্থানীয়রা প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া (সঞ্চালক), সমাজসেবক মুর্শিদ মিয়া, চণ্ডিপাশা ইউনিয়ন বিএনপির সদস্য ইঞ্চু মিয়া, পাটুয়াভাঙা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক স্বপন মিয়া, পাটুয়াভাঙা ইউনিয়ন বিএনপির সদস্য মুক্তার উদ্দীন, বনগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. জালাল উদ্দীন এবং পাটুয়াভাঙা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক।
এছাড়া জয়নাল, তাকী, নজরুল, জমশেদ,  মোজাম্মেল, শামীম, আবু সাঈদ, বাবুল, যুবদল নেতা আসাদ, সাঈদুজ্জামান মাস্টার, শহীদ, শান্ত, মোশাররফ, আরমান, সোহাগ ও শরীফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
 
বক্তারা বলেন, কালিয়াচাপড়া চিনি কলের বিশাল এলাকাকে ঘিরে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হলে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। তাই আর বিলম্ব না করে কিশোরগঞ্জ ইকোনমিক জোন চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে আগামী শনিবার কিশোরগঞ্জ ইকোনমিক জোনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন ও চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
 
উল্লেখ্য, কালিয়াচাপড়া চিনি কল ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। পরে ১৯৯৪ সালে মিলটি 'লে-অফ' ঘোষণা করা হয় এবং ২০০৪ সালে বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে এটি কালিয়াচাপড়া নিটল চিনি কল লিমিটেড নামে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ এবং এটি নিটল-নিলয় গ্রুপের অধীন পরিচালিত হয়।
২০২০ সালের শেষের দিকে কারখানার পুরো এলাকাজুড়ে উন্নয়ন কার্যক্রম শুরু হয়। ওই এলাকায় অটোমোবাইল, সিরামিক, গার্মেন্টসসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান নিয়ে কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রকল্পটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে দ্রুত বাস্তবায়নের দাবি জোরালো হচ্ছে।