কটিয়াদীতে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে ১ হাজার ৩১০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আমান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও উপজেলা ছাত্রদলের সভাপতি তাফসিরুল হাসিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২৪০ জন কৃষককে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে। এ ছাড়া ৬০ জন কৃষককে ১০ কেজি করে চিনাবাদামের বীজ ও নির্ধারিত পরিমাণ সার এবং ১০ জন কৃষককে ৫ কেজি করে মুগডালের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা প্রয়োজন। কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তাঁরা উল্লেখ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, সরিষা, চিনাবাদাম ও মুগডালের আবাদ বাড়ানো গেলে দেশে ভোজ্যতেল ও ডালের ঘাটতি পূরণে সহায়তা হবে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষকেরা। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত