নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকায় ছিনতাইকারী অ্যাখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় একটি মসজিদের ইমামসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
শনিবার রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার ইউনুছ ওরফে ইনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আল ফালাহ-এর সংগঠক ও একটি মসজিদের ইমাম কাওছার আহমেদের নেতৃত্বে কয়েকজন জিসানকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
নিহতের পরিবারের দাবি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে একদল লোক জিসানকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে জিসান অচেতন হয়ে পড়লে তাকে বাড়ির সামনে রেখে চলে যায় অভিযুক্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমাম কাওছার আহমেদ বলেন, জিসানের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। শনিবার নতুন করে ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
তিনি বলেন, কেউ অপরাধ করলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।