নদীতে ঝাঁপ তরুনীর, যুবকের সহসীকতায় প্রাণ রক্ষা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফকির মজনু শাহ সেতু থেকে এক তরুণী নদীতে ঝাঁপ দিলে স্থানীয়দের তৎপরতা ও এক যুবকের সাহসিকতায় প্রাণে বেঁচে যান তিনি। পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটার পর সেতুর আশপাশে থাকা লোকজন চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দা রাসেল ব্যাপারী বিষয়টি জানতে পারেন। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান, তরুণীটি নদীর পানিতে ভেসে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। পরে তিনি নৌকা নিয়ে নদীতে নেমে তরুণীকে উদ্ধার করেন।

স্থানীয় যুবক রাসেল ব্যাপারী বলেন, ‘এলাকাবাসী ও শিশুদের চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়। দ্রুত নদীর পাড়ে গিয়ে দেখি, একটি মেয়ে নদীতে ভেসে যাচ্ছে এবং বাঁচার চেষ্টা করছে। তখন আমি দ্রুত নৌকা নিয়ে নদীতে নেমে তাকে উদ্ধার করি এবং পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর আহমেদ জানান, উদ্ধার হওয়া তরুণীকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে।

হাসপাতালে ভর্তির সময় তার পরিচয় জানা যায়নি এবং তার সঙ্গে কাপাসিয়া থানার পুলিশ সদস্যরা রয়েছেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, উদ্ধার হওয়া তরুণীর নাম আন্নি। তিনি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ডেফুলিয়া গ্রামের আনিসের মেয়ে। সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করছে।