গাজীপুরে আগুনে পুড়লো একই পরিবারের ৪ জন, নাশকতার অভিযোগ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৮ এএম

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মাঝিখোলা এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটা এই দুর্ঘটনায় দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন স্থানীয় ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তাঁর স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুবর্ণা (২৬), এবং তাঁদের দুই সন্তান সাইয়ান প্রধান (৬) ও সোয়াদ প্রধান (৩)।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠায় চিকিৎসকরা।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে মা সাদিয়া বেগমের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া শিশু সাইয়ানের ১২ শতাংশ, সোয়াদের ২ শতাংশ এবং মহসিনের ১ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাঁরা রাজধানীর এই বিশেষায়িত হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতা। মহসিনের ভাগনি সুমাইরা অভিযোগ করে বলেন, সকালে ডাইনিং রুমের সোফায় আগুন জ্বলতে দেখে পানি ঢেলে নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু পানি দেওয়ার পর আগুন নেভার বদলে দ্রুত ছড়িয়ে পড়ে।

পরিবারের সন্দেহ, ঘরের জানালা দিয়ে কে বা কারা গানপাউডার কিংবা কোনো দাহ্য পদার্থ ছিটানোর মাধ্যমে এই আগুন লাগাতে পারে। তবে এখন পর্যন্ত আগুনের প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান। 

অন্যদিকে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ ইতোমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচএন
আরও পড়ুন