কাপাসিয়া বাজারে অগ্নিকান্ড, ৮ দোকান ভষ্মিভুত

গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেট-সংলগ্ন গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান, একটি বসতবাড়ি ও একটি মসজিদের আংশিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
রোববার (১২ জুলাই ) ভোর পৌনে চারটার দিকে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
 
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন বলেন, আগুনে কাপড়, পাঞ্জাবি ও অন্যান্য পণ্যের দোকান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তথ্যমতে, আব্দুল কাইয়ুমের দুটি দোকানে প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের দোকানে ২৫ লাখ টাকা, সাব্বির রহমানের দোকানে ১৫ লাখ টাকা এবং আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইসলামীয় পাঞ্জাবির দোকানের মালিক মোহাম্মদ রাসেল জানান, স্থানীয় মুসল্লিদের সহায়তায় কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হলেও তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া একটি গোডাউনে থাকা প্রায় দুই লাখ টাকার মালামালও আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কাপাসিয়া বাজার জামে মসজিদেরও আংশিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাব্বির মোল্লা বলেন, ‘ছেলের অপারেশনের জন্য হাসপাতালে ছিলাম। সকালে খবর পেয়ে এসে দেখি দোকান আগুনে পুড়ে গেছে। আমার সব শেষ।’
 
মোহাম্মদ রাসেল বলেন, ‘স্থানীয় মুসল্লিদের সহায়তায় কিছু মালামাল বের করতে পেরেছি। তারপরও বড় ধরনের ক্ষতি হয়েছে।’
খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
 
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, আগুনে অন্তত আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
কাপাসিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
 
ফায়ার সার্ভিস, পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নিরূপণের কাজ করছে।