ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবার আটটি জোনে ভাগ হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন। প্রতিটি জোনে চলাচলকারী রিকশার জন্য নির্ধারণ করা হবে আলাদা রং। নির্দিষ্ট জোনের বাইরে অন্য জোনে এসব রিকশা চলাচল করতে পারবে না। এ জন্য ই-রিকশার সংখ্যা নির্ধারণ ও নিবন্ধনের প্রস্তুতি শুরু করেছে সিটি করপোরেশন।
সম্প্রতি সরকার সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬ জারি করে। গত ২৯ অক্টোবর জারি করা এ বিধিমালা দেশের সব সিটি করপোরেশন এলাকায় কার্যকর হয়েছে। এর আলোকে অন্যান্য সিটি করপোরেশনের মতো গাজীপুরেও ই-রিকশা নিয়ন্ত্রণে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
গেজেট অনুয়ায়ী, দুজন ধারণক্ষমতাসম্পন্ন রিকাশার নিবন্ধন ফি (এককালীন) ৮ হাজার টাকা, নবায়ন ফি বাৎসরিক ৪ হাজার। ৪ জন ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশা নিবন্ধন ফি (এককালীন) ১০ হাজার টাকা, নবায়ন ফি বাৎসরিক ৫ হাজার। এই আদায়কৃত অর্থ সিটি কর্পোরেশনের রাজস্ব আয় হিসাবে গণ্য হবে৷ সিটি কর্পোরেশন বিনামূল্য কিউ-আর কোর্ডযুক্ত নিবন্ধন নম্বর প্লেট, বিস্তারিত তথ্যসহ ই-রিকশা চালককে প্রদান করা হবে। যেখানে চার্জিং গ্যারেজের বিস্তারিত তথ্য সংযুক্ত থাকবে৷
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ্ তানজিলা খানম বলেন, গাজীপুর সিটি করপোরেশনকে জোনে ভাগ করে আলাদা রঙের রিকশা চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি জোনে কতসংখ্যক ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে, তা নির্ধারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ও পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বিধিমালা অনুযায়ী, ই-রিকশা নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি মানদণ্ড ও নিরাপত্তাবিষয়ক শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সনদ নিতে হবে। এসব শর্ত পূরণের পর সিটি করপোরেশনের নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধনের আবেদন করা যাবে। নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য থাকবে স্বতন্ত্র কিউআর কোডযুক্ত নম্বর প্লেট। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না।
এ বিষয়ে রিকশাচালকরা বলছেন, তারা সরকারি নিয়ম মেনে নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে গাড়ি চালাতে চান। নির্দিষ্ট জোন ও আলাদা রঙের ব্যবস্থা চালু হলে এক এলাকার রিকশা অন্য এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হবে। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং অনিয়ন্ত্রিত রিকশার সংখ্যা কমবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানাউল কাদের বলেন, আমাদের সব প্রস্তুতি রয়েছে৷ তবে আমাদের এখান হতে নিবন্ধন নেওয়ার আগে বুয়েট থেকে ফিটনেস এবং ট্রাফিক বিভাগ হতে ক্লিয়ারেন্স নিতে হবে৷ এগুলো আনলে ৩০ দিনের মধ্যে আমরা লাইসেন্স দিয়ে দিব৷
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে আটটি জোনে ভাগ করে প্রতিটির জন্য আলাদা রং নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম চালুর সব প্রস্তুতি রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ অন্যান্য সিটি করপোরেশন কার্যক্রম শুরু করলে গাজীপুরেও তা চালু করা হবে।
হাম উপসর্গে এক দিনে আরও ৯ শিশুর মৃত্যু
শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় ১৫ কারখানায় ছুটি ঘোষণা
সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থান
গাইবান্ধায় বৃষ্টি উপেক্ষা করে আখেরি মোনাজাতে ইজতেমা সমাপ্ত