টাঙ্গাইলের ঝিনাই নদীতে নৌকায় জুয়ার আসর

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত ঝিনাই নদীতে নৌকায় বসিয়ে প্রকাশ্যে জুয়ার আসর পরিচালনার অভিযোগ উঠেছে। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর সুরুজ বরিল্লাঘাট এলাকায় নোঙর করা নৌকায় রমরমাভাবে জুয়ার আসর বসছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সামাজিক অবক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাই নদীর সুরুজ বরিল্লাঘাট এলাকায় দুটি নৌকা ভাসিয়ে নিয়মিত জুয়ার আয়োজন করা হয়। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা জুয়াড়িরা সেখানে জড়ো হয়ে বিভিন্ন ধরনের জুয়ার খেলায় অংশ নেন। এসব আসরে প্রতিদিন হাজার হাজার টাকার লেনদেন হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
 
স্থানীয় বাসিন্দারা জানায়, নদীর তীরে সাধারণ মানুষের চলাচল থাকলেও প্রকাশ্যেই চলছে এই অবৈধ কর্মকাণ্ড। অনেক সময় স্থানীয় তরুণদেরও ওই নৌকার আশপাশে ভিড় করতে দেখা যায়। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে যুবসমাজের একটি অংশ সহজেই জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন,নদীতে নৌকা ভাসিয়ে দিনের পর দিন জুয়ার আসর চলছে। সবাই বিষয়টি জানে, কিন্তু রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত অভিযান চালিয়ে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।
 
আরেক বাসিন্দা বলেন, জুয়ার কারণে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু যুবক নিয়মিত সেখানে সময় কাটাচ্ছে, যা সমাজের জন্য অশনি সংকেত। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
সচেতন মহলের দাবি, নদীতে ভাসমান নৌকায় জুয়ার আসর বসানোর কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এড়ানোর সুযোগ পাচ্ছেন জড়িতরা। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে নিয়মিত অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঝিনাই নদীর একটি অংশ টাঙ্গাইল সদর এবং অন্য অংশ কালিহাতী উপজেলার আওতাভুক্ত। এর আগেও জুয়াড়িদের গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে। পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা নদীর কালিহাতী অংশে চলে যায়। তবে তাদের শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে এবং জুয়ার আসর বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।