টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে মাকে হত্যার দায়ে ইউনুস আলী মন্ডল নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইউনুস মন্ডল মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সিরাজ উদ্দিন।

টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, সিরাজ উদ্দিন স্ত্রী, প্রতিবন্ধী বড় ছেলে শেখ ফরিদ ও ছোট ছেলে ইউনুস মন্ডলকে নিয়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। ইউনুস কোনো কাজ না করায় তার মা ফুলমালা বেগমের সঙ্গে প্রায়ই কথা-কাটাকাটি হতো।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৫ জুলাই বিকেলে বাড়িতে ফেরার পর মায়ের সঙ্গে ইউনুসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি মাকে মারধর করে চলে যান। পরে স্থানীয়রা ফুলমালা বেগমকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে তার ভাই ইউনুস মন্ডলের বিরুদ্ধে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া ওই দিনই ইউনুসকে গ্রেপ্তার করেন। পরে তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

তদন্ত শেষে ২০২৬ সালের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও বিচারিক কার্যক্রম শেষে আদালত ইউনুস মন্ডলকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

এমইউ
আরও পড়ুন