কী শর্তে দেওয়া হবে ব্যাটারিচালিত অটোরিকশা?

অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার

ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের বাসিন্দা সুলতান, যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত।
 
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি মুচলেকা প্রদান করেন। মুচলেকায় তিনি এদিন থেকে মাদক ব্যবসা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে বৈধ ও সৎ উপার্জনের মাধ্যমে জীবনযাপনের অঙ্গীকার করেন।
 
মুচলেকায় সুলতান উল্লেখ করেন, তিনি ভবিষ্যতে কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না এবং সমাজের একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে জীবনযাপন করবেন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, কেউ যদি আন্তরিকভাবে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাহলে তাকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। সুলতানের বৈধভাবে জীবিকা নির্বাহের জন্য তার আবেদনের পরিপ্রেক্ষিতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সুলতান তার দেওয়া অঙ্গীকার রক্ষা করে মাদকমুক্ত জীবন গড়ে তুলবেন এবং অন্যদের জন্যও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।