গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তোরণ নির্মাণের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের কাছে স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এর কয়েক ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়। একই সঙ্গে বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচিও ঘোষণা করেছিল সংগঠন দুটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে কে বা কারা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং এমন ঘটনার তীব্র নিন্দা জানান।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি এবং গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।