পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (৮ আগস্ট)  ভোরে পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া (৩৫) উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। তাৎক্ষণিক আরেকজনের তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস উপজেলার বরাটিয়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি সাইকেলকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিম মিয়া নিহত হন। এ সময় সাইকেল আরোহী এবং অটোরিকশার চালক ও অপর এক যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বায়োজিদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই একজন মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে আহত অবস্থায় কিশোরগঞ্জ নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।