মা মাছ সংরক্ষনে অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী

সরকার মিঠাপানির ডিমওয়ালা মা মাছ সংরক্ষণের জন্য আগামীতে প্রতিটি এলাকায় মাছের অভয়াশ্রম তৈরি করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ । 

তিনি বলেন, যাতে ডিমওয়ালা মাছগুলো সংরক্ষণ করা যায়। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। পরবর্তীতে এগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। এতে মাছের বংশবিস্তার হবে।

শনিবার (৮ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্কুল মাঠে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানস্থলের সবশেষ প্রস্তুতি দেখতে এসে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, কিছু মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক ধরা পড়েছে। শুধু আমাদের দেশের নয়, এটা বৈশ্বিক সমস্যা। এমনকি সমুদ্রের মাছের মধ্যেও এগুলো পাওয়া যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার মাছচাষিদের উৎসাহিত করতে নানা প্রকল্প ও উদ্যোগ নিচ্ছে। আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে সারা দেশের সেরা চাষি ও খামারিদের বিশেষভাবে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী বলেন, বর্তমানে ‘ম্যাজিক জাল’ নামের এক গজব জালের কারণে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার এগুলোর আমদানি বন্ধ করেছে। জনবল সংকটের কারণে প্রশাসন অভিযান চালিয়ে এগুলো নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এ জন্য জনগণকে সচেতন হতে হবে, যাতে কেউ এগুলো দিয়ে মাছ না ধরতে পারে। প্রতিটি এলাকায় মানুষ এই জালের বিরুদ্ধে রুখে দাঁড়ালে সরকার তাদের পাশে থাকবে।

এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য মো. জালাল উদ্দীন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল ও পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।