কিশোরগঞ্জের হোসেনপুরে সাদেক মিয়া হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে মামলার অপর চার আসামিকে অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ আল মামুন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদী এলাকার মৃত লাল মিয়ার বড় ছেলে রমজান মিয়া (৩৮) ও ছোট ছেলে ইয়াসিন মিয়া (৩২)। খালাসপ্রাপ্ত চারজন হলেন- মো. আব্দুল কাদির মিয়া, শাহানা আক্তার, আল আমিন ও মোহাম্মদ আলী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ ডিসেম্বর বিকেলে হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদি এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সাদেক মিয়াকে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ৮ ডিসেম্বর নিহতের বড় ভাই কাঞ্চন মিয়া নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি মোহাম্মদ আলী সাদেক মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে সাদেক মিয়াকে ডেকে নিয়ে হত্যা করা হয় হয়। তদন্ত শেষে হোসেনপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শাহ কামাল জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে এই রায় দেয়। অন্য চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।