ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তরিকুল ইসলামের সঙ্গে তার জামাই আব্দুর রহমানের মনোমালিন্য চলছিল। এরই মাঝে সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান আব্দুর রহমান। মঙ্গলবার ভোররাতে পূর্বের মনোমালিন্যের জেরে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে কুড়াল নিয়ে আব্দুর রহমানের ওপর হামলা করেন। তার এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই মারা যান রহমান।
হামলার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে। পরে পুলিশে খবর দিলে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও জব্দ করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৬ দিন বন্ধ