গাজীপুরের কাপাসিয়ায় চলতি বছর দাখিল পরীক্ষায় তিনটি মাদ্রাসায় ৩০ শিক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেনি। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়।
পাসের হার শূন্য প্রতিষ্ঠানগুলো হলো- মেরুয়া আলিম মাদ্রাসা, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদ্রাসা ও পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, মেরুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ১৮ জন, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ৬ জন এবং পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে ৬ জন দাখিল পরীক্ষায় অংশ নেয়।
এবার কাপাসিয়া উপজেলায় মোট এক হাজার ১৬০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬২০ জন পাস করেছে এবং ৫৪০ জন ফেল করেছে। উপজেলায় পাসের হার ৫৩ দশমিক ৪৪ শতাংশ।
পরিসংখ্যান বলছে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করায় ফলাফল নিয়ে অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ফলাফল খারাপ হওয়ার কারণ খুঁজে বের না করে শুধু ফলাফল প্রকাশে সীমাবদ্ধ থাকলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন হলে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দুর্বল বিষয়গুলো চিহ্নিত এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা দরকার।