ভূমি সেবা দালালমুক্ত করার অঙ্গীকার এসিল্যান্ডের

ভূমি অফিসে সেবা নিতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে জন্য সোনারগাঁ ভূমি অফিস ও কাঁচপুর ভূমি সার্কেলকে দালালমুক্ত করার অঙ্গীকার করেছেন সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অঙ্গীকার করেন তিনি।

সহকারী কমিশনার ফাইরুজ তাসনিম বলেন, ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা। কোনো সেবাগ্রহীতা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা কাজ করছি।

সভায় গত এক বছরে তার দায়িত্ব পালনের বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরে এতে বলা হয়, সোনারগাঁয়ে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ খাসজমি উদ্ধার করা হয়েছে। এ জমির পরিমাণ প্রায় সাড়ে ১১ একর। সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া গত এক বছরে প্রায় ৪০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়। ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ৪৩২টি মিসকেসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকেরা ভূমি অফিসের সেবার মান, সাধারণ মানুষের ভোগান্তি, দালালদের দৌরাত্ম্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এসিল্যান্ড বলেন, ভূমি সেবাকে জনবান্ধব করতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় উপস্থিত সাংবাদিকেরা ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সরকারি খাসজমি উদ্ধার ও অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের চলমান কার্যক্রমকে স্বাগত জানান।