কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ভাসমান অবস্থায় পল্টু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসা মসজিদসংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পল্টু মিয়া বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মৃত আসন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ওই দিন সকালে মসজিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় পুকুরের পাড়ে একটি ব্যাগে কাপড়চোপড় পাওয়া যায়।
কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।