মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে চার শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই দিন সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা। এ সময় মাদ্রাসার ভেতর প্রবেশ করলে ইমন সরদারের (মাদ্রাসার ভেতর অবস্থিত) বসতঘরের সামনে হঠাৎ হাতবোমা বিস্ফোরণ হয়। বোমার শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। এতে আহত হয় মাদ্রাসার চার শিক্ষার্থী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা পুলিশ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবিদা আক্তার নামের একজনকে ঢাকায় প্রেরণ করেছে চিকিৎসক।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, ঘটনা অনুসন্ধানের কাজ শুরু করেছে পুলিশ ও সিআইডি। মাঠে রয়েছে অন্যান্য কর্মকর্তারা। বিস্তারিত পরে জানা যাবে।