গোপালগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে এবং সড়কের উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন তারা। পরে সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড ছিল। এ সময় ঢাকা খুলনা মহাসড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন বন্ধ ছিল।

জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করার পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, হঠাৎ কয়েকজন ছাত্রলীগের নামধারী ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় কিন্তু তারা তার আগেই সেই স্থান ত্যাগ করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।