নারায়ণগঞ্জের ফতুল্লায় পুরাতন সড়কের পাশে চারটি ঝুটের গুদাম ও তিনটি ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে এ আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।
শুক্রবার ভোর ৬টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে জেলা পরিষদের জমিতে টিনের তৈরি অন্তত ১৫ থেকে ২০টি গুদাম রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা এসব স্থাপনা তৈরি করে বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব গুদামের কয়েকটিতে ঝুটের ব্যবসা পরিচালনা করা হতো। পাশাপাশি কয়েকটি স্থানে ইজিবাইকের গ্যারেজও ছিল।
স্থানীয়দের ভাষ্য, ভোর ৬টার দিকে একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের গুদাম ও গ্যারেজগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার ঝুটের গুদাম এবং আলী, শহিদ ও আনোয়ারের ইজিবাইক গ্যারেজ পুড়ে যায়।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের কলকারখানা ও বসতবাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের কোনো একটি গ্যারেজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা দ্রুত আশপাশের গুদাম ও গ্যারেজে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।