নিখোঁজের চারদিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা মধ্যপাড়ার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুলেখা ওই গ্রামের মোজাফফর আলীর স্ত্রী।

নিহতের ছেলে জাকির হোসেন বলেন, গত বৃহস্পতিবার বিকেল থেকে আমার মা নিখোঁজ ছিলেন। তিনি গত পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এর আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।

স্থানীয়রা জানান, রোববার ওই জঙ্গলে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো বিষয়, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।