মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রির অপরাধে ছানোয়ার মিয়া নামের এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার জান্না বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
জানা যায়, অভিযুক্ত ছানোয়ার মিয়া দীর্ঘ দিন ধরে জান্না বাজার এলাকায় সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জান্না বাজারের ওই সারের দোকানে অভিযান প্ররিচালনা করা হয়। এসময় তাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং দোকান থেকে ভেজাল সার জব্দ করা হয়।
ভেজাল সার বিক্রির বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী ছানোয়ার মিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের সরবরাহ ও মান নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের প্রতারিত করার চেষ্টা করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযানে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সাটুরিয়া থানা পুলিশের একটি দল এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।