কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার মানোন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) পাকুন্দিয়া পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রূপম দাস। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনা করেন- নগর পরিকল্পনাবিদ (পিডিআরসি) বীরস দাস ও জামাল হোসেন, সহকারী পরিবেশ বিষয়ক পরামর্শক মো. মনশাদ আলম এবং জুনিয়র নগর পরিকল্পনাবিদ ইয়াসিন আমিন।
সভাপতির বক্তব্যে ইউএনও রূপম দাস বলেন, পাকুন্দিয়া পৌরসভা একটি ‘সি’ ক্যাটাগরির পৌরসভা। বর্তমানে যানজট, জলাবদ্ধতা, ময়লা নিষ্কাশন এবং মশক নিধন করা এ পৌরসভার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও জননিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রিট লাইট স্থাপন করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা সম্ভব। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং পিএলসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।