মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে নিজের ওপর ‘হিমালয় পর্বতের মতো চাপ’ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। নিজের বিরুদ্ধে নজিরবিহীন ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা, এ নিয়ে কথা বলা এবং মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের কথা বলতে গিয়ে তাঁকে হিমালয় পর্বতের মতো চাপ সহ্য করতে হচ্ছে। তাঁর ভাষ্য, বাংলাদেশের কোনো রাজনীতিকের বিরুদ্ধে এ ধরনের চক্রান্ত আগে হয়েছে কি না, তা তাঁর জানা নেই।
মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ করে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, যুদ্ধের সময় প্রথম ধনপুরে এসে নেমেছিলেন তিনি। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না। সেই স্মৃতি এখনো তাঁর মনে গেঁথে আছে। অথচ মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে বর্তমানে তাঁকে স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র ও অপপ্রচারের মুখে পড়তে হচ্ছে।
নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, আলবদর-রাজাকারের সন্তানেরা এবং স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। ইউটিউব দেখলেই তাঁর বিরুদ্ধে কী ধরনের চক্রান্ত হচ্ছে, তা বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় চাপ সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সবার কাছে আশীর্বাদ চান এই সংসদ সদস্য।
নিজের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিচার প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ফজলুর রহমান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন। তাঁর বিরুদ্ধে চলা ষড়যন্ত্রেরও বিচার করবেন বলে আশা করেন তিনি।
বক্তব্যের শেষ দিকে সত্যের জয় এবং স্বাধীনতাবিরোধী শক্তির পরাজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করে ফজলুর রহমান বলেন, ‘আমি মনে করি, সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে।’
মাদরাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ, উদ্ধার ৩ কিশোরী
মায়ের সঙ্গে হলো না শেষ দেখা, না ফেরার দেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তূর্য