প্রশিক্ষণ কর্মশালায় তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সরকার বা রাষ্ট্রের কোনো ভুল-ভ্রান্তি হলে সাংবাদিকরা তা তুলে ধরবেন। তবে তা অপপ্রচার বা অপতথ্যের মাধ্যমে নয়। এআই ও ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে অপতথ্য ও মিথ্যা তথ্যের প্রচারণা কিভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে সাংবাদিকদের আরো দক্ষ করে তোলা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুরে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নেই, যার নামে অপপ্রচার করা হয়নি। এমনকি নারী ও শিশুদেরও মিস-ইনফরমেশনের মাধ্যমে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি বলেন, অপপ্রচার বেশির ভাগ ক্ষেত্রে সাংবাদিকরা করছেন না। যারা সাংবাদিক নন, কিন্তু নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন, তাদের একটি অংশ অপপ্রচার, গুজব, মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছেন।

এআই ব্যবহার করে ভিডিও তৈরি করে এসব কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে প্রকৃত সাংবাদিকদেরও দুর্নাম হচ্ছে। তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত থাকবে। সাংবাদিকরা যেন পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় তিন উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৭ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের কৌশল, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ এবং সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যাবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।