ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের

ফরিদপুরের ভাঙ্গায় দোলা পরিবহনের একটি বাসের ধাক্কায় কাজী আশরাফ (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় মাহমুদুল হাসান অনিক (৩৫) নামে মোটরসাইকেলের আরো এক আরোহী আহত হন।

​রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত কাজী আশরাফ দৈনিক ভোরের দর্পণ পত্রিকার নড়াইল জেলার লোহাগড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন আশরাফ ও অনিক। পথিমধ্যে মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আশরাফের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।