নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে সোয়া কোটি টাকার ক্ষতি

টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাজারের কলেজ রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন নামে তিনটি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। পরে মোবাইল ফোনে দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাজারে ফিরে আসেন। এ সময় ফায়ার সার্ভিস, স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সদস্যদের আগুন নেভাতে দেখা যায়।

তিন দোকানের মালিকের দাবি, আগুনে দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাগরপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পর একটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।