আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টে খালাস পাওয়া আটজন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তারা কারাগার থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. জাকির হোসেন।
কারা কর্তৃপক্ষ জানায়, আদালতের খালাসের আদেশের পর জামিনসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে আটজনকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়।
মুক্তিপ্রাপ্তরা হলেন, মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ ও কামরুন্নাহার মনি। এ সময় কামরুন্নাহার মনির সঙ্গে তার সাত বছর বয়সী মেয়ে মোবাশ্বেরা খানম রাথীও কারাগার থেকে বের হয়।
মুক্তির খবর পেয়ে সকাল থেকেই স্বজনরা কারাগারের প্রধান ফটকের সামনে অপেক্ষা করছিলেন। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে মুক্তিপ্রাপ্তদের কয়েকজন আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে তারা ফেনীর উদ্দেশে রওনা হন বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে হাইকোর্ট ১০ জনকে খালাস দিয়েছেন। পাশাপাশি চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অপর দুই আসামি সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।