ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পানিতে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম-কাসাদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ থেকে ৪২ জন যাত্রী নিয়ে হানিফ পরিবহনের বাসটি পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। নবগ্রাম-কাসাদাহ ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি মহাসড়কের পাশের পানিতে গিয়ে পড়ে।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করেন। আহত ৮ থেকে ১০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-২৯৫৯।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শতাধিক বই নিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবে পাঠাগারের যাত্রা