গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে গাজীপুর সিটি করপোরেশন। অভিযানে দীর্ঘদিনের দখল থেকে সড়ক ও ফুটপাতের একটি অংশ মুক্ত করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাতের ওপর বসানো বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
অভিযানের ফলে ওই এলাকার সড়ক ও ফুটপাতে পথচারী এবং যানবাহন চলাচলের জায়গা কিছুটা উন্মুক্ত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বলেন, নগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
অভিযানে মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব বীর রহমান, যুবদল নেতা ফারুক মৃধাসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।