নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ে ফের অসুস্থ হয়ে পড়েছে ৯ শিক্ষার্থী। এ নিয়ে গত ১০ দিনের মধ্যে বিদ্যালয়টিতে তৃতীয় দফায় শিক্ষার্থীরা অসুস্থ হলো। তবে বারবার এমন ঘটনার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চলাকালে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে অভিভাবকদের নিয়ে সমাবেশ চলছিল। এ সময় একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
এর আগে ৭ সেপ্টেম্বর বিদ্যালয়টিতে ঝাঁজালো গন্ধের মধ্যে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর এক সপ্তাহ পর ১৪ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আরও ২১ শিক্ষার্থী। পরে তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছিল। তখন শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ পাওয়ার বিষয়টিও উঠে আসে।
পরপর তিন দফায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন জানান, ৫ থেকে ৬ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়টি অভিভাবকেরা তাকে জানিয়েছেন। ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বুধবার ৯ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ বা অজ্ঞান হচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ অনুসন্ধানে প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে।
মুরাদনগরে জোড়া খুনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার
বিএনপি নেতার গোয়ালে মিললো চুরি যাওয়া গরু