গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। বুধবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে শুরু হওয়া এ তদন্ত কার্যক্রম চলে দুপুর পর্যন্ত।
তদন্ত দলের নেতৃত্ব দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমুল হক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা. সেলিনা বানু। তারা জেলা পরিষদের বিভিন্ন নথিপত্র পর্যালোচনার পাশাপাশি অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নেন।
তদন্তকালে জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষ করে জেলা পরিষদের এফডিআর নিয়মবহির্ভাবে ভেঙে ফেলা এবং শ্রীপুরের বরমী-বরামা খেয়াঘাট ইজারায় অনিয়মের অভিযোগ নিয়ে তার কাছে বিভিন্ন তথ্য জানতে চান তদন্ত কর্মকর্তারা।
এ ছাড়া জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ বাইরের ব্যক্তিদের দিয়ে সম্পন্ন করা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়। এসব অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথি ও তথ্য যাচাই করেন তদন্ত কর্মকর্তারা। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও রেকর্ড করা হয়।
তদন্ত শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমুল হক বলেন, জেলা পরিষদের এফডিআর ভেঙে ফেলা এবং বরমী-বরামা খেয়াঘাটের ইজারায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।