ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থককে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন আতাউর রহমান ও রাসেল বিপ্লব। তাদের মধ্যে আতাউর রহমান আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবং রাসেল বিপ্লব সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তাঁরা সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও মিলনায়তন বরাদ্দ চেয়ে পাঠাগারের সভাপতি আতাউর রহমান সোমবার ইউএনওর কাছে লিখিত আবেদন করেন। আবেদনে বলা হয়, ২০১৮ সাল থেকে পাঠাগারটি পল্লি এলাকায় শিক্ষা বিস্তারে কাজ করে আসছে এবং এটি জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভুক্ত একটি বেসরকারি পাঠাগার।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংবর্ধনা অনুষ্ঠানের সর্বশেষ পরিস্থিতি জানতে উপজেলা পরিষদে যান আতাউর রহমান ও রাসেল বিপ্লব। তারা ইউএনওর সঙ্গে দেখা করতে তার কার্যালয়ের দিকে গেলে সেখানে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে দেখতে পান। এ সময় তারা কক্ষে প্রবেশ না করে নিচে চলে আসেন।
পরে উপজেলা পরিষদের বিপরীত পাশে দাঁড়িয়ে দুজন নিজেদের মধ্যে কথা বলছিলেন। অভিযোগ, দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ কয়েকজন সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালান। পরে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষকে আলাদা করে দেন।
রাসেল বিপ্লবের অভিযোগ, জোহরের নামাজের সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। রুমিন ফারহানা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মাদক নিয়ে তার দলের কয়েকজনের সঙ্গে আতাউর রহমান ও রাসেল বিপ্লবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে তিনি গিয়ে তাদের সরিয়ে দেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংবর্ধনা অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সদস্য রুমিন ফারহানা চাইলে অনুষ্ঠানটি আয়োজন করা হবে।
ঝিনাইদহে ওয়ান শুটার গানসহ অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার
জামিন না পেয়ে আদালতে হট্টগোল, পুলিশ সদস্যকে মারধর
টঙ্গীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২