কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নুসাইবা মণি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা (পশ্চিমপাড়া) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুসাইবা মণি ওই গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নুসাইবা মণি বাড়ির পাশেই খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের নজর এড়িয়ে খেলার একপর্যায়ে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নুসাইবা মণিকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক নুসাইবাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।