মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বরাহীচর জান্নাকান্দি এলাকায় নিজ বাড়ি থেকে সৌদি প্রবাসী এক ব্যক্তি, তার স্ত্রী ও ১৮ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের ১৮ মাস বয়সী মেয়ে এ্যালিজা। আকরাম হোসেন বরাহী জান্নাকান্দি গ্রামের মৃত নূরুল হক ডাক্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকরাম হোসেন সৌদি আরবে থাকতেন। প্রায় দুই মাস আগে তিনি দেশে ফেরেন। স্বজনদের দাবি, দেশে ফেরার পর থেকে তার আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি অনেকটা নিজেকে গুটিয়ে নিয়ে ঘরে থাকতেন।
শনিবার সকালে পরিবারের সদস্যরা তাদের ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজায় নক করেন। ভেতর থেকে সাড়া না পেয়ে পরে ঘরের টিনের একটি অংশ সরিয়ে ভেতরে তাকালে আকরামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকরাম, তার স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার পর আকরাম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।