নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়ন ও পাঠদানের পরিবেশ আরও কার্যকর করতে সহস্রাধিক শিক্ষকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪৪টি এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এতে অংশ নেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া ও অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা।
সভায় শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের নিয়মিত ও সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং পাঠদানের আগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ও অতিরিক্ত ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
প্রধান অতিথি এমপি আব্দুল আজিজ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি না নেওয়া এবং বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত রুটিন অনুযায়ী পাঠদান চালু রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য দেন ধানাইদহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আকমল হোসাইন, বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, রয়না ভরাট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসানসহ অন্যরা।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সেলিম আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, বিএনপি নেত্রী ও বনপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালবের জেলা ম্যানেজার কোরবান আলী এবং বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
স্বর্ণের কারখানার আড়ালে মাদকের কারবার
‘সাংবাদিকের তথ্য চাওয়ার অধিকার নেই’ বলা নির্বাচন কর্মকর্তার বদলি
প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বপ্ন বুনছেন বান্দরবানের ১০০ নারী