আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে নিহত বেড়ে ৭

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার রাত ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই জয়নব বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পর একটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

তবে নিহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার কারণ ও হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।